কালবেলা · সাধারণ
‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
১৩/১০/২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, ‘আমাদের ডেডলাইন ১৮ ডিসেম্বর। শাহবাগে আমরা জনগণকে নিয়ে সমবেত হব। জনগণ ওই দিন সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আছে, নাকি শহীদ ওসমান হাদি হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার পক্ষ নেবে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর লালবাগ এলাকায় হাদি হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এর আগে, চারতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল লালবাগ হয়ে কারমাইকেল কলেজ প্রদক্ষিণ করে লালবাগে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার করা।
এসময় জাবের বলেন, আমরা চাই, আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকুন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ুন। কিন্তু ১৮ ডিসেম্বরের পর আমরা হাদি হত্যার বিচারের দাবিতে আর রাস্তায় নামতে চাই না। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়ীদের বিচারের মুখোমুখি করবেন, সেটা আপনাদের দায়িত্ব।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জানান, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ১৮ ডিসেম্বর শেষ হবে। কূটনীতির কথা বলে, ডিপ্লোমেসির কথা বলে যারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, আমরা মনে করছি কোনো না কোনোভাবে তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ‘হু ইজ হাদি’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘হাদি কে, এর উত্তর দেওয়ার প্রয়োজন আমরা মনে করি না। দশ মাস আগে তাকে হত্যা করা হয়েছে। আজও লাখো মানুষ তার হত্যার বিচারের দাবিতে রাজপথে আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছে। হাদি এ দেশের আজাদি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। যারা দেশে কথা বলতে পারেন না, যাদের কথা শোনার মতো কেউ নেই, হাদী তাদের কণ্ঠস্বর।’
হাদিকে নিয়ে ভবিষ্যতে আবার কটূক্তি করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ‘মোক্ষম জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবেন তারা।
মূল প্রতিবেদনে যান ↗