পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর বাছাইপর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুটবল মাঠে দুই দলের লড়াই, গ্যালারিতে দর্শকদের আগ্রহ আর গোলের অপেক্ষায় উত্তেজনা—সব মিলিয়ে কলেজ মাঠ পরিণত হয়েছিল ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায়। ফাইনাল খেলায় অংশ নেয় বাংলা বিভাগ একাদশ ও স্নাতক (পাস) একাদশ। খেলা চলাকালে স্নাতক একাদশ একটি গোল করে এগিয়ে যায়।
সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, আতাউর রহমান বিটু পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, সাধারণ সম্পাদক মো. ইয়াতিমুল হাসান লিটন এবং সাবেক পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মণ্ডল সেবু।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলামের তত্ত্বাবধানে খেলা পরিচালনা করেন সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের গ্রন্থাগারিক মো. রাশেদুন্নবী সাজন। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। খেলার মাঠে ফুটবল গড়ানোর সঙ্গে সঙ্গে তৈরি হয় প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। তবে জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য গড়ে তুলবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
