দিনাজপুরের নবাবগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটকে চালককে জিম্মি করে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুর মোহাম্মদ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর গভীর রাতে নবাবগঞ্জ থেকে ভাদুরিয়াগামী পাকা সড়কের জামালপুর মৌজায় পৌঁছালে কাভার্ড ভ্যানটির গতি রোধ করা হয়। এ সময় সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ১২ থেকে ১৩ জনের একদল দুর্বৃত্ত। তারা চালক আরাফাতকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং কাভার্ড ভ্যানের তালা ভেঙে বিভিন্ন গ্রাহকের পার্সেল ও মালামাল লুট করে পালিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর
