Published : 18 Oct 2026, 09:37 PM
Updated : 18 Oct 2026, 09:37 PM
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পর স্বপ্রণোদিত হয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় এ কমিটি গঠন করা হয় বলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহীন আলম জানিয়েছেন রোববার সন্ধ্যায়।
এর আগে বুধবার সকালে টঙ্গীর চেরাগ আলীতে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহীন আলম বলেন, কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এ বিষয়ে তারা কোনো উদ্যোগও নেননি। কর্তৃপক্ষ কারখানার কার্যক্রম চালু করতে ব্যস্ত সময় পার করছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সরকারকে আগুন লাগাসহ বিস্তারিত প্রতিবেদন আকারে জানাতে হয়। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান শাহীন আলম।
তবে তদন্ত কমিটি কবে কখন ঘটনাস্থল পরিদর্শনে যাবেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এ ছাড়া কমিটির বাকি সদস্যদেরও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
