গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য বলেন, ‘ত্রিশাল হলো নজরুল সংস্কৃতির হেরিটেজ আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হলো নজরুলের ভ্যানগার্ড। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২০২৬-২৭ সালকে নজরুল বর্ষ এবং ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।
