আগামী মাসে মাঠে গড়াবে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। ১৯ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। এবারের আসর বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। টুর্নামেন্টে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এবারের টুর্নামেন্টটি হবে ওয়ানডে ফরম্যাটে।
আজ শনিবার (২৪ অক্টোবর) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই টুর্নামেন্টেও খেলবে একই গ্রুপে। ‘বি’ গ্রুপে পড়েছে তারা।
‘এ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দলের বাকি তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ দল এবং হংকং জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তান ‘এ’ দলের পাশাপাশি লড়বে দুই উদীয়মান দেশ নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
উদ্বোধনী দিন অর্থাৎ ১৯ নভেম্বর আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ হংকং। একদিন পর ২১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামবে বাংলাদেশ।
২২ নভেম্বর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২৪ নভেম্বর শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের এই মেগা আসরের।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে।
