স্টাফ করেসপন্ডেন্ট
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালে যেভাবে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেভাবেই আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চাই।”
তিনি বলেন, “আজ থেকে আমরা অঙ্গীকার করি, এই দেশ আমাদের সবার—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার। আমরা সবাই মিলে পরিশ্রম করে দেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।”
তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সরকার ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতা চালু করেছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহায়তা করার চেষ্টা করছে সরকার, বলেন তিনি।
এর আগে ঢাকা থেকে বিমানবাহিনীর একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
তাঁকে স্বাগত জানাতে তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দুই পাশে শত শত মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রী তাঁর গাড়িবহর থেকে তাঁদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং দুই স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
