October 14, 2026,
কমলগঞ্জ প্রতিনিধি : দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ১ হাজার ১৭ জন শ্রমিক। বুধবার ১৪ অক্টোবর সকাল ১০টায় বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না। আজ পূজার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং বক্তব্য দেন।
বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। কিন্তু কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় এবার ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।
শ্রমিকদের দাবি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবস্থানের মধ্যে সমাধান হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

