আজকাল ওয়েবডেস্ক: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কলকাতায় একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মঙ্গলবার, ১৩ অক্টোবর, কলকাতা পুলিশের নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এই বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে।
অভিযানে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ ও ব্যবহৃত কার্তুজ। পাশাপাশি, অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জামও উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা।
তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। যদিও তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি শুরু হয়েছে।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের (আর্মস অ্যাক্ট) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বেআইনি অস্ত্র তৈরির কারখানার পিছনে আর কারা জড়িত রয়েছে, অস্ত্র তৈরির সরঞ্জাম কোথা থেকে আসত এবং তৈরি অস্ত্র কোথায় সরবরাহ করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
