
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে নতুন পরিবেশ ও কালচারের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং বিচার-বিবেচনা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হওয়া উচিত, কিন্তু ভয়ের পরিবেশ বা র্যাগিং কোনোভাবেই কাম্য নয়।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের জ্ঞান ও আলোর বাসস্থান। প্রকৃত শিক্ষা হলো মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক। এছাড়া বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
