সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৮৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে দুই হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের রেকর্ড।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
এর আগে, গত ১১ অক্টোবর ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ ও ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চলতি বছর ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গেছে।
