জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি সুরক্ষিত এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান এবং বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।’
প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন ও বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রেখে প্লাজা এবং এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, আশরাফ উদ্দিন নিজান, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ অনেকে।
