বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
আজ সোমবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মালেক মোড়লের ছেলে ট্রাকের সহকারী আরিফ হোসেন (৩২)। পুলিশের দাবি, রমজান আলী এই মাদক চালানের মূল কারবারি।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।
একপর্যায়ে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, সহকারী ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন।
পরে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকের চালকের পেছনের বক্সে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা।
অভিযানে ট্রাকটি ছাড়াও দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। ট্রাকচালক ও তাঁর সহকারীর সহযোগিতায় সেগুলো যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

