কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার এ কর্মসূচিতে বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির উপজেলা আহ্বায়ক ও সদস্যসচিবের অনিয়মের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা নিয়োগ বাতিলের দাবি জানান। কলেজ মোড় থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তব্য দেন যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, সাবেক সভাপতি নুরনবী দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, পৌর যুবদলের সদস্যসচিব নুরুজ্জামান ও পৌর যুবদলের সহসভাপতি মিজানুর রহমান মিজানসহ অন্যরা। অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, ‘যারা মিছিল করেছেন, তারা না বুঝে করেছেন। যারা যোগ্য, তারাই ডিলারশিপ পেয়েছেন। এখানে বিএনপির কোনো হাত নেই। বিএনপি কোথাও হস্তক্ষেপও করেনি।’