কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের ডেকে আনা হয়। পরে ভবিষ্যতের জন্য সাবধান করে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের নেতৃস্থানীয়দের উদ্যোগ প্রয়োজন। উঠতি বয়সী কিশোরদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমেও অপরাধপ্রবণতা কমানো সম্ভব।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, সন্ধ্যার পর পড়ার টেবিল ছেড়ে বাইরে অহেতুক ঘোরাফেরা করা কিশোরদের অভিযানে আটক করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
