প্রকাশিত: ১০:০২, ২১ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৭, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
একই সময়ে ২৬৫ একিউআই নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। এর আগের দিন মঙ্গলবার ঢাকার একিউআই ছিল ১৬৬।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, ২৫৭ একিউআই নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের মুম্বাই।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
