নেসলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আনা মানজ জানান, কোম্পানিটির মোট বিক্রির প্রায় ২ শতাংশ আসে রাশিয়ার ব্যবসা থেকে।
প্রত্যাশা ছাড়িয়েছে নেসলের বিক্রয় প্রবৃদ্ধি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্যপণ্য কোম্পানিটির বিক্রি বেড়েছে ৪ শতাংশ। একই সঙ্গে রাশিয়ায় জব্দ হওয়া ব্যবসা ইউনিটটিকে সেপ্টেম্বরের শেষ থেকে নিজেদের সমন্বিত আর্থিক হিসাবের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
নেসলে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের পুরো বছরের জন্য বিক্রিতে ৩-৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া গত প্রান্তিকে কোম্পানিটির বিক্রি বিশ্লেষকদের ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
নেসলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আনা মানজ জানান, কোম্পানিটির মোট বিক্রির প্রায় ২ শতাংশ আসে রাশিয়ার ব্যবসা থেকে। সেপ্টেম্বরের শেষ থেকে দেশটির আর্থিক ফলাফল আর নেসলের সমন্বিত হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না। তবে এ সিদ্ধান্তের কারণে বিক্রি, বিক্রির পরিমাণ ও পণ্যের দামে কোনো প্রভাব পড়বে না।
রাশিয়ায় গত ১৭ সেপ্টেম্বর নেসলের সম্পদ জব্দের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে ইউরোপের সমর্থন দেয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর রাশিয়ার চাপ বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান রুশ কর্মকর্তা ও মার্কিন ব্যবসায়ীরা।
বিক্রির পাশাপাশি নেসলের পণ্যের দাম ও বিক্রি পরিমাণে বেড়েছে। তৃতীয় প্রান্তিকে নেসলের পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। তবে এ হার বিশ্লেষকদের ১ দশমিক ৯ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। অন্যদিকে প্রকৃত অভ্যন্তরীণ প্রবৃদ্ধি বা আরআইজি (বিক্রির পরিমাণের পরিবর্তন নির্দেশ করে) বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ।
২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিপ নাভরাতিল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নেসলের আরআইজি সূচকে ধারাবাহিক উন্নতি দেখা গেছে। নাভরাতিল বলেন, ‘ব্যবসার অগ্রগতিতে তিনি সন্তুষ্ট হলেও কোম্পানির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে আরো অনেক কিছু করার রয়েছে।’
এদিকে ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে নেসলে পণ্য ও ব্র্যান্ডের পরিসরও পুনর্বিন্যাস করছে। যৌথ উদ্যোগের মাধ্যমে আইসক্রিম ও পানির ব্র্যান্ডগুলোর সঙ্গে কোম্পানিটির সরাসরি সম্পৃক্ততা কমানো হয়েছে। ইউনিলিভার ও রেকিটের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিও প্রবৃদ্ধির সুযোগ বাড়াতে একই ধরনের কৌশল অনুসরণ করছে।
