পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে গোপনে গার্ড অর অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে নিজ এলাকায় মরদেহ দাফনে বাধা দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসলে গার্ড অব অনার দিতে এবং পিরোজপুরে দাফন করতে বাধা দেয় জনতা। বিকেল ৫টার দিকে পুলিশ লাইন্সের ভিতরে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়।
মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।
মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ের কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারা যান। দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য আনা হলে স্থানীয়রা বাধা দেয়। পরে গোপনে পুলিশ লাইন্সের ভিতরে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মানিক পশারীর জামাতা ফারুক হোসেন জানান, সকাল ১০টায় উনি মারা গেছেন। দুপুর ১২ টায় তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র কাছে গেলে উনি গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।
তিনি বলেন, তার শ্বশুর একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ ছাড়া মরদেহ ৪ থেকে ৫ ঘণ্টা রেখে গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। মরদেহ কীভাবে দাফন করা হবে তার দায়িত্ব নেয়নি সদর উপজেলা প্রশাসন নেয়নি।
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর নামে মিথ্যা মামলা দেন। এতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই মানলায় সাঈদী সাহেব জেলে বসে মারা গেছেন।’’
তিনি বলেন, ‘‘আমরা মানিক পশারীর মরদেহ গার্ড অব অনারে ও দাফনে বাধা দেইনি। তবে কিছু উৎসুক জনতা বাধা প্রদান করতে পারে বলে ধারণা করছি।’’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর মরদেহ গার্ড অব অনার দেওয়া হয়েছে। তারপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
