মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানে ঢুকে আলীনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার ও তার কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে তাইজুল সরদার সহ তার সহযোগীরা। এতে মিলন পক্ষের জহির ও মহাসিন মারাত্মক জখম হয়।
এ সময় পালটা হামলা চালিয়ে তাইজুল ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে মিলন পক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেয়ার পথে তাইজুলের মৃত্যু হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় বোরকা পড়ে তাইজুলসহ ৪ জন এসে হামলা চালায়। প্রথমে মহাসিনকে দোকান থেকে কলার ধরে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অনেকের স্বাক্ষ্য গ্রহণ করে বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। একটু সময় দিতে হবে। দ্রুত প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
