বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকসে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। পশাপাশি বন্দর টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলোও আলোচনায় আসে। সিঙ্গাপুরের বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা।
বৈঠকে ফিলিপ অং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে (পিপিপি কর্তৃপক্ষ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের প্রশংসা করেন। তার মতে, এ ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার বিনিয়োগকারীদের জন্য আরো সমন্বিত, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে পারে।
আশিক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক একীভূতকরণ ও সমন্বয়ের এ উদ্যোগ ভবিষ্যতে আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে। পর্যায়ক্রমে আরো প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করা যেতে পারে।
বিনিয়োগকারীদের জন্য কার্যকর লজিস্টিকস সহায়তা নিশ্চিত করা, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ উৎসাহিত করা, বেসরকারীকরণ কার্যক্রম এগিয়ে নেওয়া, ডিজিটাল সেবা বাড়ানো এবং শিল্পের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করাকে এ উদ্যোগের লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি।
বৈঠকে ফিলিপ অং বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতিগত ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প উন্নয়নে বাংলাদেশ-সিঙ্গাপুর সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। তবে টার্মিনাল উন্নয়ন বা পরিচালনায় কোনো নির্দিষ্ট বিনিয়োগের সিদ্ধান্ত কিংবা চুক্তির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
