
বাংলাদেশের ফুটবলের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের খালেদ আহমদ। চলতি বছরের সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর খালেদের ছবি প্রকাশ করে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁকে স্বাগত জানিয়েছে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক নুরুজ্জামান নয়নের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ আহমদ। সিলেটের এক ক্রীড়াপরিবারে জন্ম নেওয়া খালেদের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালে যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফের মাধ্যমে। এরপর কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল ও স্বপ্ন নিয়ে কোচিংয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
কোচিং ক্যারিয়ারে খালেদ আহমদ অর্জন করেছেন এএফসি ‘সি’ কোচিং সার্টিফিকেট ও এএফসি ‘ডি’ ডিপ্লোমা। সিলেট জেলা দল এবং সিলেট প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে সুনামের সঙ্গে কোচিং করিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও গোলরক্ষক কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে খালেদের। ২০২০-২১ মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘ এবং ২০২২-২৩ মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, খালেদ আহমদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ওয়াহেদ আহমদের ছোট ভাই। বসুন্ধরা কিংসের মতো শীর্ষ ক্লাবে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর এই অর্জন সিলেটের ক্রীড়াঙ্গনের জন্যও আনন্দের খবর। বিজ্ঞপ্তি
