Published : 24 Oct 2026, 10:38 AM
Updated : 24 Oct 2026, 10:38 AM
পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে বা তিনশ ফিট সড়ক পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় অচেনা এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
এ সময় চিকিৎসক অচেনা ব্যক্তিকে (৬০) মৃত ঘোষণা করেন। আহত ২৫ বছর বয়সী ইমরানকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী লিজন বলেন, “নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত ইমরান মগবাজার এলাকায় থাকে এবং টেইলার্সের কারিগর হিসেবে কাজ করে বলে জানতে পেরেছি।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ইমরানের পায়ে আঘাত লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
