সমাজের চোখ রাঙানি, কুকথার তোয়াক্কা করেননি। শুধু একে অপরের চোখের গভীরতায় মন ডুবিয়েছেন। বিশ্বাসের ভিতে তৈরি করেছেন প্রেমের শক্ত দেওয়াল। যে দেওয়ালে প্রেমের রং ভরে দিয়েছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত। সম্প্রতি দশমীতে সিঁদুরে সিঁথি রাঙিয়ে উমাবরণ করতে গিয়েছিলেন অভিনেত্রী। যে মুহূর্ত ক্যামেরাবন্দি করেন খোদ যশ। আর সেসব ঝলক সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ফের অতীত বিতর্ক উসকে গিয়েছে। ফের ধর্মপরিচয় নিয়ে কটাক্ষের শিকার নুসরত জাহান। তবে এবার আর চুপ থাকেননি। দীর্ঘ বিতর্কে পালটা নিন্দুকদের একহাত নিয়েছেন অভিনেত্রী।
“অনেকেই বলে- ‘তুমি তো জাহান।’ আমি কোনওদিন কাউকে জবাব দেইনি। যাঁরা অন্য ধর্মের হয়েও নিষ্ঠা, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করেন, সিঁদুর খেলেন,…”
দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে উমাবরণ করতে গিয়েছিলেন নুসরত। যেখানে বিশেষভাবে নজর কাড়ে তাঁর হাতের শাঁখা-পলা এবং সিঁথির সিঁদুর। যা দেখে নেটভুবনের নীতিপুলিশেরা ফের নায়িকার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বা কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘মুসলিম হয়েও কেন উমাবরণ? কেনই বা হিন্দু এঁয়ো স্ত্রীদের মতো সাজপোশাক?’ এহেন কটাক্ষ, সমালোচনা নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী। নুসরতের মন্তব্য়, “উৎসব তো সকলের। আমি চিরকাল সব উৎসব পালন করি। অনেকেই বলে- ‘তুমি তো জাহান।’ আমি কোনওদিন কাউকে জবাব দেইনি। যাঁরা অন্য ধর্মের হয়েও নিষ্ঠা, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করেন, সিঁদুর খেলেন, আমার মনে হয় তাঁদেরও জবাবদিহি করা উচিত নয়। কারণ এটা ব্যক্তিগত পছন্দ।” এরপরই সোশাল পাড়ার সমালোচকদের একহাত নিয়ে অভিনেত্রীর সংযোজন, “আমার পোস্টের কমেন্টবক্সেও দেখেছি অনেকে অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয়, তাঁরা নিজের ধর্মের বিষয়ে সমস্ত কিছু জানেন, আমি তাঁদের থেকে একটু হলেও বেশি জানি। আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।”
নিন্দুকদের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে বারবার নিজের শর্তে বাঁচার প্রমাণ দিয়েছেন নায়িকা। প্রশংসার পাশাপাশি অবশ্য কটাক্ষও সঙ্গী হয়েছে!
View this post on Instagram
নুসরত জাহান অবশ্য বরাবরই সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন। অতীতে শাঁখা-পলা, সিঁদুর পরায় কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। তবে নিন্দুকদের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে বারবার নিজের শর্তে বাঁচার প্রমাণ দিয়েছেন নায়িকা। প্রশংসার পাশাপাশি অবশ্য কটাক্ষও সঙ্গী হয়েছে! নায়িকার ‘ধর্মীয় বিশ্বাস’ নিয়ে প্রশ্ন তুলে আক্রমণও শানিয়েছেন কেউ কেউ। তবুও নিজের বাড়িতে জন্মাষ্টমী থেকে শিবরাত্রি, দিওয়ালি সবটাই ভক্তিভরে পালন করেন অভিনেত্রী।
