ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. নাঈম খান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাঈম খান কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কোটচাঁদপুর পৌরসভার গাবতলা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম শওকত আলী।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর তদন্তে নাঈম খানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফ্ল্যাশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসানের পাঠানো ফ্ল্যাশ রিপোর্টে এসব তথ্য জানানো হয়।
