নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘শুভাকাশ ইশারা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (তিন যুগপূর্তি) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাদু প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিঞা। সংগঠনের কার্যকরী সভাপতি কাজল খান এবং সাধারণ সম্পাদক জুম্মান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহান্দার আলী মিঞা বলেন, অপসংস্কৃতি রুখতে নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চা বিশেষ ভূমিকা রাখে। ৩৬ বছরের ধারাবাহিকতায় শুভাকাশ ইশারার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত জাদুশিল্পী অ্যাডভোকেট মাসুদুর রহমান এবং বিশিষ্ট নাট্যকার ও পরিচালক মহিদুল মহিমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দ্বিতীয় পর্বে পরিবেশিত জাদুকরী উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মাদারীপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে আয়োজনের সমাপ্তি টানা হয়।
জেএইচআর
