কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় ৬৪ বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদককারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপ তল্লাশি করে সিট কভারের নিচে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়। এ সময় পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, পালংখালী এলাকায় পৃথক অভিযানে মিয়ানমার থেকে আসা তিন ব্যক্তিকে আটক করে তাদের বহন করা পোটলা থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।
