গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও তাদের ১৬ বছর বয়সী কন্যা দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা সপরিবারে নগরীর টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।
সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। এ সময় ঘরে থাকা স্বামী লাল চান মিয়া, স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা (১৬) গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের কন্যা এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশিকুর রহমান/আরএআর
