সংবাদ · রাজনীতি
‘সহনশীলতা ছাড়া বড় রাজনীতি করা অসম্ভব’
২৪/১০/২০২৬

সমালোচনা সহ্য করার ক্ষমতা এবং ধৈর্য না থাকলে কখনোই একজন ভালো রাজনীতিবিদ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের সমন্বয়ে গঠিত সাহিত্য পত্রিকা ‘সারেঙ’ এই আড়ম্বরপূর্ণ প্রকাশনা উৎসবের আয়োজন করে।প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একজন রাজনীতিবিদকে অনেক সমালোচনা সহ্য করতে হয়। নানা ঘটনার মধ্যে তাকে থাকতে হয়। সহ্য করার ক্ষমতা এবং টলারেন্স যার মধ্যে নেই, তিনি ভালো রাজনীতিবিদ হতে পারে না।” রাজনৈতিক জীবনে চরম প্রতিকূলতার মুখোমুখি হয়েও গণতান্ত্রিক ধারায় টিকে থাকার জন্য যে সহনশীলতা প্রয়োজন, তা তুলে ধরেন তিনি।বক্তব্যের একপর্যায়ে বিগত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলের স্মৃতিচারণ করে চরম রাজনৈতিক নিপীড়নের অভিজ্ঞতা ব্যক্ত করেন রিজভী। তিনি বলেন, “তখন আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের কোনো ইভেন্টে দাওয়াত করতে সাহস পেত না। যদি কোনো ঝামেলা হয়ে যায় এই ভয়ে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে শেখ হাসিনা। আমার নামে সাড়ে তিনশ মামলা দেওয়া হয়েছিল। এই কারণে অনেক নিকটজন ছেলে-মেয়ের বিয়েতে দাওয়াত পর্যন্ত দিত না।”তৎকালীন সময়ে সামাজিক ও রাজনৈতিক জীবনের এমন ভীতিকর ও নির্মম বাস্তবতার কথা তুলে ধরে তিনি আরও যোগ করেন, “দাওয়াতে আমি উপস্থিত আছি, এটা জেনে যদি অন্যদের সমস্যা হয়, এ রকম একটা কঠিন পরিস্থিতি গেছে। রেজাউদ্দিন স্টালিন ওই সময়েও আমাদের সঙ্গে আড্ডা দিতেন এবং সময় কাটাতেন।”কবি রেজাউদ্দিন স্টালিনের সাহিত্যকর্ম এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, “রেজাউদ্দিন স্টালিন নিঃসন্দেহে একজন আধুনিক কবি। তার লেখনি এবং শব্দচয়ন অসাধারণ। আধুনিক কবি বলেই তিনি খুব চমৎকারভাবে সাম্প্রতিক সমস্যা এবং সংকটগুলো তুলে ধরেছেন।” অন্যায়ের প্রতিবাদে কবির অবিচল অবস্থানের প্রশংসা করে তিনি সাহিত্য ও রাজনীতির মেলবন্ধনকে সাধুবাদ জানান।উক্ত প্রকাশনা উৎসবে সাহিত্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি রেজাউদ্দিন স্টালিন ও সারেঙ-এর সম্পাদক আবদুর রহমান মল্লিকসহ আরও অনেকে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রকাশনাটির সমৃদ্ধি কামনা করেন।
মূল প্রতিবেদনে যান ↗