চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার মুন্নার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার রাস্তার পাশের খাদে উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা দুই চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে বিএডিসি গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম হেলাল (৪০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ পাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাটে বিক্রির জন্য গরু নিয়ে যাচ্ছিলেন তিনি। আহত দুই চালক হলেন কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের স্বপ্ন এবং একই ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামের আরিফুল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গরুবোঝাই লাটাহাম্বারটি চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল ও দুটি গরুর মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর দুই চালক আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে আহত দুই চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নিহত হেলালের সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৪৫ টাকা, একটি মুঠোফোন ও গরুর চালান উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
