সাড়ম্বরে উদযাপিত হচ্ছে খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
ছবি: সালমান গালিব, খবরের কাগজ
-->পাঠকের ভালোবাসায় চতুর্থ বর্ষে পদার্পন করেছে দেশের জনপ্রিয় দৈনিক খবরের কাগজ। এ বছর দৈনিকটির স্লোগান ‘চির উন্নত শির’।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকেই পত্রিকাটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং পাঠক-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাড়ম্বরে উদযাপিত হচ্ছে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন।
আরও পড়ুন
প্রতিষ্ঠার পর থেকেই সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে খবরের কাগজ।
দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা পাঠকের সামনে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথাও প্রকাশ করে আসছে পত্রিকাটি।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনায় আধুনিকতা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে সংবাদমাধ্যমটি। দৈনিকের মতোই সমান জনপ্রিয় এর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য উদযাপন নয়, বরং সংবাদপত্রটির সঙ্গে যুক্তদের মানুষের শ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের স্বীকৃতিও।
অমিয়/
আরও পড়ুন
দৈনিক দেশের কণ্ঠের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
-->বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দৈনিক দেশের কণ্ঠের নবম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১৪ অক্টোবর) পত্রিকাটির কার্যালয়ে দিনব্যাপী এ আয়োজনে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ফুল দিয়ে সম্পাদক-প্রকাশককে শুভেচ্ছা জানান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন এবং উপদেষ্টা সম্পাদক কবি নাসির আহমদ।
আরও পড়ুন
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আব্দুল মতিন, কৃষি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নুরুল আলম, কমার্স ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম, শিল্পকলা একাডেমির প্রশাসন বিভাগের কর্মকর্তা মাহমুদুল হক জিহাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক ও একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি সিরাজুল ইসলাম, ক্র্যাবের উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির টিটু, দৈনিক দেশের কণ্ঠের ক্রাইম ইনচার্জ ও ক্র্যাবের আইন ও কল্যাণ সম্পাদক জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ কলিমউল্যাহ নয়ন, কথাশিল্পী নাসরীন জাহান, কবি বিমল গুহ, কবি আশরাফ আহমেদ, কথাশিল্পী ঝর্না রহমান, বাংলা একাডেমির পরিচালক কবি তপন বাগচীসহ কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে সংগীত পরিবেশন করেন হোসনে আরা রীমা, হাসান মাহমুদ, আস্থিত রেবতী, অর্চি অনন্যা ও কবির হাসান। তবলায় ছিলেন আবুল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জান্নাতুল ফেরদৌস অনি।
সমাপনী বক্তব্যে সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন পত্রিকাটির ৯ বছরের পথচলায় সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান।
সালমান/
আরও পড়ুন
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর প্রথম জানাজা সম্পন্ন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এবং এতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরের দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।
পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা।
আরও পড়ুন
সুলতান আহমেদ আশরাফী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও কোষাধ্যক্ষ ছিলেন। তিনি দৈনিক আজাদীতে তিন দশকের বেশি সময় ধরে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল-আলম, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি স. ম. ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এ ছাড়া উপস্থিত ছিলেন সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ, সংগঠনটির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণবসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা।
সুলতান আহমেদ আশরাফী গতকাল রবিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৯ বছর বয়সি এই সাংবাদিক গত কয়েক দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ সোমবার জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল এলাকার বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের অপূরণীয় শূন্যতা তৈরি হলো। নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আতিকুল হা-মীম/খাদিজা রুমি/
আরও পড়ুন
জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরু আর নেই
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম
আমির খসরু। ছবি: সংগৃহীত
-->জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরু আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আমীর খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন
আমীর খসরু ভয়েস অব আমেরিকা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। কূটনৈতিক প্রতিবেদক হিসেবেও তিনি ছিলেন সুপরিচিত। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব-এর পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন। এই দুটি সংগঠনের পক্ষ থেকে আমীর খসরুর জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তা মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর পর সাংবাদিক আমীর খসরুর মরদেহ লালমাটিয়া বি ব্লকে নিজ বাসায় নেওয়া হয়। সেখানে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এসএন/
আরও পড়ুন
দৈনিক সবুজের প্রধান সম্পাদক আফছর উদ্দিন আর নেই
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম
মো. আফছর উদ্দিন
-->ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক সবুজ পত্রিকার প্রধান সম্পাদক মো. আফছর উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের মহারাজা রোড এলাকার বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মো. আফছর উদ্দিন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ডের চর কালিবাড়ী এলাকার মৃত হিম্মত ব্যাপারীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ময়মনসিংহ শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তিনি স্থানীয় সংবাদপত্র প্রকাশনা ও সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আফছর উদ্দিন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। শুক্রবার রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মঈন উদ্দিন রায়হান দৈনিক সবুজ-এর সম্পাদক ও প্রকাশক এবং দেশ রূপান্তর-এর ময়মনসিংহ প্রতিনিধি।
মঈন উদ্দিন রায়হান বলেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। শনিবার বাদ জোহর ময়মনসিংহ নগরের বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কালিবাড়ী গোরস্থানে সমাহিত করা হবে।
আফছর উদ্দিনের মৃত্যুতে ময়মনসিংহের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
তিনি বলেন, ‘আফছর উদ্দিন ছিলেন অত্যন্ত অমায়িক, সদালাপী ও ভালো মনের মানুষ। তার চলে যাওয়া স্থানীয় সাংবাদিক সমাজের জন্য একটি বেদনাদায়ক ঘটনা।’
ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম বলেন, ‘আফছর উদ্দিনের সঙ্গে যারা কাজ করেছেন, তারা তার সহজ-সরল ব্যবহার ও মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা মনে রাখবেন। স্থানীয় সংবাদপত্রের সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততা ময়মনসিংহের সাংবাদিকতার ইতিহাসেরও একটি অংশ।’
আফছর উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক প্রকাশ করেছেন। স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন। পরিবারের সদস্যরা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কামরুজ্জামান মিন্টু/অমিয়/
