সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালকে আটক করেছে পুলিশ। এ সময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তেল ভর্তি ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়। আটক আল আমিন বরিশালের বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন। পুলিশ জানায়, মহাসড়কে নিয়মিত টহলকালে ৮০০ লিটার ডিজেলসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনা জড়িত ট্রাকচালকে আটক করে পুলিশ। আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশির সময় তেলবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় তেল পাচারের সঙ্গে জড়িত ট্রাকচালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পাচারের বিষয়টি স্বীকার করেছে চালক। সে আমিন বাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্ররের কাছে সরকারি তেল নিয়ে যাচ্ছিল।