বাংলাদেশ ফুটবল লিগে দুই বড় দল প্রত্যাশিত জয়েই শেষ করেছে তৃতীয় রাউন্ড।
Published : 16 Oct 2026, 06:29 PM
Updated : 16 Oct 2026, 06:29 PM
বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। পিডব্লিউডিকে হারিয়েছে মোহামেডান আর সিটি ক্লাবের বিপক্ষে জিতেছে কিংস।
তৃতীয় রাউন্ডে শুক্রবার ২-০ গোলে জিতেছে মোহামেডান এবং কিংসের জয় ৩-০ ব্যবধানে।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে রক্ষণের দৃঢ়তায় পোস্ট আগলে রেখে বিরতিতে যায় পিডব্লিউডি। কিন্তু বিরতির পর আর পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল তুলে নেয় মোহামেডান। থ্রু পাস স্লাইডে কর্নার করে দিতে ব্যর্থ হন মোহাম্মদ রাতুল। বল পেয়ে যান এমানুয়েল সানডে। নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের বাইলাইনের একটু উপর থেকে বাড়ানো কাটব্যাকে হেডে জাল খুঁজে নেন সুলেমানে দিয়াবাতে।
৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় গোছাল আক্রমণে। সানডের ক্রসে দিয়াবাতের হেড পাসের পর, গোলমুখ থেকে হেডেই লক্ষ্যভেদ করেন মিনহাজেদুল আবেদীন রাকিব।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ এফসির সাথে যৌথভাবে টেবিলে শীর্ষে আছে মোহামেডান।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামেও কিংস ম্যাচের ডেডলক খোলে দ্বিতীয়ার্ধের শুরুতে। দুই ব্রাজিলিয়ানের মিলিত চেষ্টায় এগিয়ে যায় তারা। হেসুস দি সিলভার সাথে একবার বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রবসন দি সিলভা রবিনিয়ো।
৭২তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওগবাহ। বক্সের ভেতরে এই নাইজেরিয়ান ফরোয়ার্ডকে ফাউল করেন ফরহাদ মনা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সৈয়দ কাজেম শাহ কিরমানি ব্যবধান আরও বাড়ান।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট লিগের শিরোধারীদের।
