স্টাফ রিপোর্টার : সিলেটে হামে মৃত্যুহীন দিন কাটলেও মিলছেনা স্বস্তি। গত ২৪ ঘন্টায় হামে কারো মৃত্যু ও নতুন শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরও ১১৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৭ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, রাগিব রাবেয়া মেডিকেলে ২, নর্থ ইস্ট মেডিকেলে ২, বিশ^নাথ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ফেঞ্চুগঞ্জে ২, কোম্পানীগঞ্জে ৩, বিয়ানীবাজারে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪০৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্টে ৫, পার্কভিউ মেডিকেলে ২৩, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, গোলাপগঞ্জ ২, ফেঞ্চুগঞ্জে ২, কোম্পানীগঞ্জে ৩, বিয়ানীবাজারে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে ৩৮ বছর বয়সী যুবকের মৃত্যুর পাশাপাশি নতুন ভর্তি হয়েছিলেন ১৩২ জন।
