ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, দেশটা সবার, তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব। জনগণ বিএনপির প্রতি যে আস্থা ও প্রত্যাশা রেখেছে, তা বাস্তবায়ন করাই এখন দলের নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও সরাসরি সম্পৃক্ত হতে হবে। বাড়ির আঙিনা, ড্রেন, ছাদ ও আশপাশের জলাধার পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কেরানীগঞ্জ উপজেলা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জে তিন মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেশ পরিবর্তনের শক্তি দেখিয়েছে। এখন সেই তরুণ সমাজকে সঙ্গে নিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে যেতে হবে। ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ আহ্বানকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।
প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বিতরণ এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন। শিক্ষা খাতে চলতি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।কেরানীগঞ্জে কোনো মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা ভূমিদস্যুতা থাকতে দেওয়া হবে না। মাদক সব ধরনের অপরাধের মূল উৎস। এটি পরিবারকে ধ্বংস করে এবং সমাজ ও রাষ্ট্রকে অকার্যকর করে তোলে। কেউ মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমিদস্যুতার সঙ্গে জড়িত থাকলে তিনি বিএনপির কর্মী হলেও তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং সারাদেশে খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।
কৃষি ও সার পরিস্থিতি প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, দেশে সারের কোনো প্রকৃত সংকট নেই; অসৎ উদ্দেশ্যে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সার ডিলারদের বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে তিনি প্রতিটি সার কারখানায় প্রশাসনের তদারকি জোরদারের আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি উপজেলায় নতুন সার ডিলারশিপ দেওয়ার কথাও বলেন তিনি।
কেরানীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, ‘কেরানীগঞ্জ থেকে আগে চারবার এমপি থাকাকালে ২৫০টি ব্রিজ নির্মাণ করেছি। আমি এমপি হয়েছি জনগণের সেবা করার জন্য।’ তিনি বিএনপির নেতাকর্মীদের শাসক না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কেরানীগঞ্জে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য বরদাশত করা হবে না। কোনো ষড়যন্ত্রকারী গোপনে বৈঠক করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা-২ আসনকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সিলেট সফরের প্রসঙ্গ টেনে আমান উল্লাহ আমান বলেন, স্ত্রীর মাথায় ছাতা ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমগ্র জাতির মাথার ওপর ছাতা ধরে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। দেশের সর্বোচ্চ দায়িত্বে থেকেও তাঁর সাধারণ জীবনযাপন ও পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে আমান বলেন, নেতৃত্বের এমন দৃষ্টান্ত জনগণকে অনুপ্রাণিত করে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আফরোজা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল সাত্তার বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা নূরে আলম, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ওয়ালী উল্লাহ সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে ফগার মেশিন চালিয়ে মশা নিধনের মাধ্যমে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় কর্মসূচি সফল করতে উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
