চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
- Advertisement -
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল।
এটি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট। মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ই আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম।
শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে বক্তব্য দেন আরিফুল হাসান রুবেল।
বক্তব্যে তিনি বলেন, আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব।
আমাদের অযথা হয়রানি করবেন না। এই সরকার বাংলাদেশের শেষ সরকার নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ হত্যার বিচার চেয়েছেন। ভবিষ্যতেও তাঁরা এ বিচার চাইবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, প্রায় ৪৪ সেকেন্ড বক্তব্যের পর প্রায় এক মিনিট মিছিল করেন অংশগ্রহণকারীরা। এ সময় তাঁরা ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ‘২০ অক্টোবর ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।
