অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর পর কানাডায় অবস্থানরত পুলিশ সুপার (এসপি) ড. তানিয়া আনসারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শনিবার (২৪ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়, যা রোববার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ড. তানিয়া আনসারী পূর্বে ঢাকা পুলিশ টেলিকমে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে পলায়ন ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। এ প্রেক্ষাপটে তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা যৌক্তিক ও প্রয়োজনীয় বলে মনে করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড. তানিয়া আনসারীর এই সাময়িক বরখাস্তের আদেশ ২০২৫ সালের ১০ মে থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। বরখাস্তকালীন সময়ে তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেএইচআর
