যশোরের অভয়নগরে নিজ বাড়ি থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।
স্থানীয়দের ধারণা, রাতে অজ্ঞাতনামা চোর বা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। এ সময় আছিয়া বেগম তাদের চিনে ফেলায় তাঁকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, তাঁর বাবার মৃত্যুর পর থেকে মা ও খালা ওই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) খালা তাঁর এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে বাড়িতে একাই ছিলেন তাঁর মা।
তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পান্না বেগম আরও বলেন, সকালে বাড়িতে এসে দেখেন, খাটের ওপর তাঁর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা তাঁর মাকে হত্যা করে সবকিছু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের ভেতরে খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএ
