অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চোট কাটিয়ে ফেরা ফাস্ট বোলারের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশা দলের।
Published : 17 Oct 2026, 09:28 AM
Updated : 17 Oct 2026, 09:28 AM
সব ঠিকঠাক থাকলে, চোট কাটিয়ে গেবেখা টেস্টে ফিরছেন কাগিসো রাবাদা। সঙ্গে ফিরছে আকাশছোঁয়া প্রত্যাশা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দলের সেরা বোলারের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স আশা করছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড বেডিংহ্যাম।
চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি রাবাদা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে বাগে পেয়েও শেষ পর্যন্ত কম স্কোরে থামাতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ। লোয়ার অর্ডারদের নিয়ে দারুণ প্রতিরোধে অস্ট্রেলিয়াকে ভালো স্কোরে নিয়ে যান ম্যাট রেনশ। ম্যাচের ভাগ্য নির্ধারণে যা পরে বড় ভূমিকা রাখে।
ওই টেস্টে দুই ইনিংসে ৪৬ ও ৪৯ রান করা ব্যাটসম্যান বেডিংহ্যামের আশা, পরের টেস্টে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে উঠবেন রাবাদা।
“সে আমাদের জন্য অপরিহার্য এবং অনেক বড় একজন। তাকে দেখে মনে হয়েছে, বেশ জোরে বল করছে আবার। বেশ ক্ষুরধার মনে হচ্ছে।
“এমনকি যদি পেছনে ফিরে তাকান, গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট নিয়েছিল। যেকোনো দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত সে। আশা করি, এই পরবর্তী টেস্টে সে ৯ বা ১০ উইকেট নেবে। সেটা করলে দারুণই হবে।”
এই সিরিজের আগে দুই দলের সবশেষ লড়াই ছিল গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লর্ডসে সেই ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে ম্যাচ জিতে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করে ও দুটি উইকেট নিয়ে ম্যান অব দা ফাইনাল ছিলেন এইডেন মার্করাম। তবে সেরা হতে পারতেন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া রাবাদাও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রাবাদার ক্যারিয়ার রেকর্ডও দারুণ। তাদের বিপক্ষে ১১ টেস্টে উইকেট নিয়েছেন তিনি ৫৮টি। চার দফায় নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট, একবার ম্যাচে ১০ উইকেট। বোলিং গড় ২১.৩৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত ৫০ উইকেট নেওয়া প্রোটিয়া বোলারদের মধ্যে তার গড়ই সেরা।
ডারবান টেস্টে ২১৪ রানে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। গেবেখা টেস্ট শুরু রোববার।
