রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে মদসহ নার্গিস বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
নার্গিস বেগম দৌলতদিয়া যৌনপল্লির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রব মোল্লার স্ত্রী এবং মৃত ওয়াহাব মোল্লার মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে নার্গিস বেগমের কাছ থেকে ৬০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে আরও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
