ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক মামলা করার অভিযোগে আলোচনায় আসা লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলা নম্বর ০২/২০২৬-এর অভিযোগ তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর ১১ বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার হাজী হোসেন পাইকারি মার্কেটের মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি এবং বিভিন্ন জেলায় একাধিক মামলা করার অভিযোগ ওঠে। সংশ্লিষ্টদের দাবি, ছয়টি জেলায় প্রায় ১৫০ ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছে।
