সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। গত তিন দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত বাতিল হয়েছে দুটি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া ৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীসংখ্যা ৩ হাজার ১২ জন। ফলে যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ রোববার রাতে চালানো হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা চলছে। চলমান সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এর আগে হুথিরা সতর্ক করে বলেছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনা করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যেই শনিবার রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।
ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনর্নির্ধারিত সময়সূচি এবং টিকিট পরিবর্তনের সুযোগ সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
The post আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট appeared first on ভোরের চেতনা.
