ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার কড়া সমালোচকদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে ফিফার সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কোনো নতুন তথ্য বা নথি দেননি। বৃহস্পতিবার ফিফার শীর্ষ পরিচালনা সংস্থা কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভায় এ ঘটনা ঘটে।
সমালোচকেরা বিশেষভাবে ৪২০ কোটি ডলারের বিশ্বকাপ শেয়ার বিক্রির পরিকল্পনার নথি চেয়েছিলেন। ইনফান্তিনো জুলাই মাসে এই পরিকল্পনা শুরু করেছিলেন, পরে তা বাদও দেন। কিন্তু সভায় এ নিয়ে কোনো নথি দেওয়া হয়নি।
বিশ্বকাপে ফোলারিন বালোগানের লাল কার্ড মামলা নিয়েও কোনো তথ্য মেলেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে সেখানে যুক্তরাষ্ট্র দলের এই ফরোয়ার্ডকে সাহায্য করতে হস্তক্ষেপ করেছিলেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
তবে একটি সিদ্ধান্ত হয়েছে। ফিফা ঠিক করেছে, ডিসেম্বরে ট্রাম্পকে দেওয়ার জন্য তৈরি করা শান্তি পুরস্কার আর দেওয়া হবে কি না, তা পর্যালোচনা করা হবে।
ইউরোপের ফুটবল কর্মকর্তারা ইনফান্তিনোর কাছে লিখিত প্রমাণ চেয়েছিলেন। বিশ্বকাপ নিয়ে তার গোপন বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বিশ্বজুড়ে বিভক্তি তৈরি করেছে। জবাবে ইনফান্তিনো তাদের লিখিত প্রশ্ন জমা দিতে বলেন। ফিফার সহসভাপতি ডেবি হিউইট সাড়ে তিন ঘণ্টার সভা শেষে এ কথা জানান।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হিউইট বলেন, ‘তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। যদি তিনি উত্তর না দেন, তাহলে না, তিনি ফিফার সভাপতি হওয়ার যোগ্য নন।’
ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা ইনফান্তিনোকে সরানোর চেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তারা চায় আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনের আগে বা নির্বাচনেই তাকে সরানো হোক। বৃহস্পতিবারের সভার পর তাদের এই অবস্থান বদলানোর মতো কিছু ঘটেনি।
জার্মান ফুটবল প্রধান বের্নড নয়েনডর্ফ ফিফা কাউন্সিলে উয়েফার আটজন প্রতিনিধির একজন। ৩৭ সদস্যের এই কাউন্সিলের সভাপতি ইনফান্তিনো। সংকট শুরুর পর কাউন্সিলের এটাই প্রথম সভা। নয়েনডর্ফ বলেন, ‘কোনো সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি।’
তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের একজন সৎ মানুষ দরকার, যার কাছ থেকে আশা করা যায় তিনি সংস্থার সম্মান ফিরিয়ে আনবেন। নিঃসন্দেহে সেই সম্মান হারিয়ে গেছে।’
সভার শুরুতে ইনফান্তিনো অবশ্য কাউন্সিলের সহকর্মীদের কাছে ক্ষমা চান। তিনি তাদের না জানিয়েই পরিকল্পনা করেছিলেন এবং এতে বড় ক্ষোভ তৈরি হয়। বিনিয়োগকারী জোশুয়া কুশনারের সঙ্গে তার এই বেসরকারি পরিকল্পনার খবর ফাঁস হয় বিশ্বকাপ ফাইনালের নয় দিন পর, জুলাইয়ে। হিউইট বলেন, ‘তিনি কিছুটা অনুতাপের সঙ্গে কথাটি বলেছেন।’
উয়েফা যুক্তরাষ্ট্রের আদালতেরও দ্বারস্থ হয়েছে। তারা সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের জন্য প্রমাণ সংগ্রহের অনুমতি চেয়েছে। আদালতে জমা দেওয়া নথিতে অভিযোগ করা হয়েছে, ফিফার অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম হয়ে থাকতে পারে। প্রস্তাবিত সহায়ক প্রতিষ্ঠানটি টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব দেখভাল করত। সেটির মূল্য কত ধরা হয়েছিল, তা নিয়েই এই অভিযোগ।
ওই প্রতিষ্ঠানের অন্তত ২০ শতাংশের মালিক হওয়ার কথা ছিল জোশুয়া কুশনারের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের। তিনি ট্রাম্পের জামাতা ও দূত জ্যারেড কুশনারের ভাই।