পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে পরিচালনা করা হয়েছে, সেভাবেই চলেছে। এখন নির্বাচিত সরকার হিসেবে নিজেদের মন-মানসিকতা দিয়ে জনগণের জন্য পুলিশ বিভাগ পরিচালনা করতে হবে। কোনোভাবেই ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না। দেশের জন্য, জনগণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব, কারণ নির্বাচিত সরকারের জবাবদিহি রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বিগত সময়ে যে সরকার ছিল, তাদের কোনো জবাবদিহি ছিল না। যখন যা ইচ্ছা হয়েছে, যখন যেটা মনে পড়েছে বা প্রয়োজন হয়েছে, সেটাই করেছে। এভাবে স্বর্ণ ব্যবসায়ীরা উপকৃত হবেন না, অন্য ব্যবসায়ীরাও উপকৃত হবেন না। সাধারণ মানুষও উপকৃত হয়নি। এ কারণে ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে তাঁদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, ব্যবসা ও ব্যবসায়ীদের অবস্থান তত বেশি মজবুত হবে।
তিনি আরও বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী রাখা সম্ভব। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে। তবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলাকেও অগ্রাধিকার দিতে হবে। প্রত্যেকটি ব্যবসা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অনেকে।
