Published : 18 Oct 2026, 12:12 AM
Updated : 18 Oct 2026, 12:12 AM
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।
শুক্রবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
সম্প্রতি জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে জহিরুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
শনিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, “জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। আমরা পুরো বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত করছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পরবর্তীতে চূড়ান্ত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”
