আসানসোলে গ্রেফতার ভিন্রাজ্যের দুষ্কৃতী। ধৃতের কাছে মিলল আগ্নেয়াস্ত্র এবং গুলিও। কী উদ্দেশ্য নিয়ে সে পশ্চিমবঙ্গে ঢুকেছিল, জানার চেষ্টায় পুলিশ।
ধৃতের নাম গোবিন্দ যাদব। বয়স ২২ বছর। বাড়ি ঝাড়খণ্ডের মেহিজামে। পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরের মালবহাল মাঠে অভিযান চালানো হয়। সেখানে আগ্নেয়াস্ত্র হাতে বসে থাকতে দেখা যায় গোবিন্দকে। তল্লাশির সময় অভিযুক্তের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেফতার করে সালানপুর থানায় নিয়ে যাওয়া হয় যুবককে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কিছু অপরাধের মামলা রয়েছে। কয়েক মাস আগে একটি সংঘর্ষের ঘটনার সময় শূন্যে গুলি ছোড়া হয়েছিল। তখনও গোবিন্দের নাম উঠে এসেছিল। কিন্তু মালবহাল মাঠে ভিন্রাজ্যের ওই যুবক কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বসেছিল, তা এখনও জানা যায়নি। অপরাধের ছক ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
অন্য দিকে, গত কয়েক দিনেও বিভিন্ন থানা এলাকা এবং গোয়েন্দা বিভাগের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে শিল্পাঞ্চলে বেআইনি অস্ত্রের কারবার এবং অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে তৎপরতার ইঙ্গিত মিলেছে। প্রতিটি ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা, ধৃতদের পরিচয় এবং সম্ভাব্য অপরাধের যোগসূত্র আলাদা করে তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।
মালবহাল কাণ্ডে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
