কালিয়াকৈরে বোয়ালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মজিবর রহমান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৩ নম্বর বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমান।
জানা গেছে, গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। বোয়ালী ইউনিয়নে মোট ১৪টি পূজামণ্ডপ রয়েছে এবং তিনি এর সবগুলোই ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমান বলেন, "আমরা পূজামণ্ডপ পরিদর্শন করতে এসেছি। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের পক্ষ থেকে আমরা বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছি। সংসদ সদস্য মজিবুর রহমান আপনাদের সবসময় নিরাপত্তা দেবেন এবং এলাকার রাস্তাঘাট ও কালভার্ট সংস্কার করে দেবেন। আপনাদের পাশে মাননীয় সংসদ সদস্য আছেন এবং আমিও সবসময় আপনাদের পাশে আছি ও থাকব।"
এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ড. মিনহাজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম, আনোয়ার হোসেন, শফিউদ্দিন, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ মাহমুদ, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কালাম সিকদার, যুবদল নেতা রাসেল আহমেদ, গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সদস্য মো. জসিম উদ্দিনসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
