হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সম্ভাব্য আর্থিক সহায়তা বাড়ানোর বিষয় উঠে আসে।
রোববার (১৮ অক্টোবর) মরক্কো থেকে ভুটান সফরে যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় আসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় বিমানবন্দরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা।
বাফুফের সহ-সভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, বৈঠকে বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় ফিফা সভাপতির কাছে তুলে ধরেছেন তারা। বিশেষ করে কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, প্রয়োজন হলে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো। তবে সহায়তার পরিমাণ বা এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
রোববার দুপুর ২টা ৫০ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ফিফা সভাপতি। সেখানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তার। আগামী ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ইনফান্তিনোর। তবে ওই সময় বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে অবস্থান করবেন।
