তিনি জানিয়েছেন, কবিতা, গল্প, বিজ্ঞান বিষয়ক আলোচনা, প্রবন্ধ, কবিতার বিশ্লেষণ রয়েছে এই পত্রিকায়। এ ছাড়াও কবিতার ভাবানুবাদ বাংলা ও ইংরেজি ভাষায় স্থান পেয়েছে ‘রিভিউ’–এ। রাকেশ বলেন, ‘ঝাড়গ্রামের কবি, সাহিত্যিকদের লেখার মান খুবই ভালো। তবে, অনেক ক্ষেত্রেই তাঁদের লেখা প্রকাশের মতো কোনও জায়গা নেই। বিশ্লেষণ ও চর্চার অভাবে লেখকের লেখা, কবিতা ফিকে হয়ে যাচ্ছে। তাঁদের উৎসাহিত করতেই এই রিভিউ পত্রিকার প্রকাশ।’
গত ২ জুন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রথম সংখ্যাতেই সাড়া ফেলে লেখক মহলে। বিশেষ কারণে সেপ্টেম্বরের পরিবর্তে দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয় অক্টোবরে। ঝাড়গ্রামের কবি, সাহিত্যিক, লেখকদের সংগঠন ‘সাহিত্যের আড্ডা’র সদস্যদের উপস্থিতিতেই দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। ঝাড়গ্রাম রানি ইন্দিরাদেবী গভর্নমেন্ট গার্লস কলেজের বটানির অধ্যাপক রাজেন্দ্রপ্রসাদ দে দ্বিতীয় সংখ্যার উন্মোচন করেন। উপস্থিত ছিলেন, ‘সাহিত্যের আড্ডা’র সম্পাদক বংশীমোহন প্রতিহার, লেখিকা শিখা মল্লিক, কবি রাজা ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী–সহ ১২ জন কবি, সাহিত্যিক। শিখা ও রাজা বলেন, ‘ঝাড়গ্রামের লেখকদের লেখার বিশ্লেষণ এবং নিয়মিত লেখা প্রকাশের কোনও জায়গা নেই। রিভিউ পত্রিকায় আমরা সেই জায়গা খুঁজে পেয়েছি। আগামী দিনের নতুন লেখকদের লেখার জগতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে উৎসাহিত করবে এই পত্রিকা।’
