ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একইসঙ্গে তার পরিচালিত মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
মাওলানা আব্বাস উদ্দিন চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কথোপকথনের সময় আপত্তিকর অবস্থায় দেখা যায়। ভিডিওর সত্যতা সম্পর্কে মাওলানা আব্বাস বলেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের সময় ধারণ করা হয়েছিল এবং সেটা তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল।
মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর সেটি ফাঁস হয় বলে তিনি দাবি করেন। তবে একজন আলেম হিসেবে এ ধরনের আপত্তিকর আচরণ করা উচিত হয়নি বলে স্বীকার করেন তিনি।
তবে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।
এদিকে কেন্দ্রের নির্দেশনায় আব্বাস উদ্দিনকে জড়িয়ে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সেক্রেটারি মো. আব্বাস উদ্দিনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।
