বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের মাধ্যমে দেওয়া ওই প্রস্তাব ঘিরে বিতর্কের পর অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি।
ফিফা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির নতুন কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে বলা হয়, ফিফা কাউন্সিলের সভায় ইনফান্তিনো ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সভায় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের প্রস্তাব পর্যালোচনা করা হয়। এ সময় অতীতে হওয়া ভুলের জন্য ক্ষমা চান ইনফান্তিনো। একই সঙ্গে ফুটবলে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন, বিভিন্ন কনফেডারেশন এবং অন্যান্য অংশীজনের মধ্যে ফুটবলের উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ৬৩৫ কোটি মার্কিন ডলার পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
এ ছাড়া ফিফার সম্ভাব্য শাসনব্যবস্থার সংস্কার পর্যালোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। শাস্তিমূলক কার্যক্রমের পদ্ধতি এবং ফিফা শান্তি পুরস্কারের বিষয়গুলোও পর্যালোচনা করবে সংস্থাটির স্থায়ী কমিটিগুলো।
